খুলনা অফিস
খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক এস এম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার খুলনা মহানগর বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাকে গ্রেফতার করতে না পারলে বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, খুলনা সিভিল সার্জন অফিস ও মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বে থাকাকালে এস এম গোলাম কিবরিয়া বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাত্ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের গত ৩১ জানুয়ারি মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, মহানগর বিশেষ আদালতে মামলার শুনানি শেষে গোলাম কিবরিয়াকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশ তামিল না হলে তার বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
