মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে দুই শিশু সন্তান নিহত, মায়ের অবস্থা গুরুতর

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:৫০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে সোমবার রাত ৯টার দিকে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে আয়াস মৃধা (২) ও তার বোন আয়সা আক্তার (৪) নিহত হয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে আহত মা খাদিজা আক্তার মিম (২২)  গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিত্সাধীন। ঘটনাস্থল থেকে গভীর রাতে এসআই জিয়া উল ইসলাম জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে—মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনার সময় শিশু দুইটির পিতা বাপ্পি মৃধা বাড়ির পাশে মুরগির খামারে কাজ করছিলেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মো. মাহফুজ রিবেন জানান, ভবনটির তৃতীয় তলায় বাপ্পির থাকার কক্ষ থেকে ধোঁয়া আসতে দেখে প্রতিবেশীরা। পরে ভবনের দরজা ভেঙে মাসহ শিশু সন্তানদের বাহিরে আনা হয়। এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ    হোসেন জানান, ঘটনাস্থলে শিশু আয়াস মৃধা নিহত হয়। আর তার দগ্ধ মা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাতে বোনের মৃত্যু হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব নাথ ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনো সঠিক কারণ জানা যায়নি।