মেন্ডিসে শানিত থিকশানা

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২২:১৬

স্পোর্টস ডেস্ক

সাবেক লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের সঙ্গে মিল রয়েছে অ্যাকশনে। বোলিংয়েও যেন রহস্যের ছাপ। সেই মায়াবী জালেই ১৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়াকে বন্দি করলেন মাহিশ থিকশানা। ২৫ রানে ৩ উইকেট নিয়ে তাই ম্যাচ সেরার পুরস্কারটা উঠে তার হাতেই। অথচ আন্তর্জাতিক টি-২০-তে এটি ২১ বছর বয়সি স্পিনারের মাত্রই চতুর্থ ম্যাচ।

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় থিকশানার। চার উইকেট নিয়ে লঙ্কানদের সিরিজ জয়ে রাখেন বড় অবদান। এক ম্যাচের অভিজ্ঞতা নিয়েই ঢুকে পড়েন বিশ্বকাপ দলে। কেননা তার ডানহাতি অফ স্পিন, গুগলি, ক্যারাম বলের অগাধ আস্থা ছিল অধিনায়ক দাসুন শানাকার।  তখন বলেছিলেন, থিকশানাকে পড়া ব্যাটাসম্যানদের জন্য সহজ হবে না।

বিশ্বকাপের আগে নিজেকে শানিত করার জন্য মেন্ডিসের দুয়ারে যান থিকশানা। একটা সময় যাকে সামলাতে হিমশিম খেতো ব্যাটাসম্যানরা। কিন্তু হারিয়ে যান কালের সঙ্গে। দুই বছর হলো বিদায় দিয়েছেন ক্রিকেটকে। তার মতো একই পরিণতি হোক সেটা চান না মৃদুভাষী থিকশানা, ‘আমার স্টক বল হলো অফ ব্রেক। আমি দেশকে আরো অনেক ম্যাচ প্রতিনিধিত্ব করতে চাই। তবে আমি ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করি।’

নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর থিকশানায় মুগ্ধ শানাকা বলেন, ‘সে দুর্দান্ত বোলিং করেছে। দেশে সে অজন্তা মেন্ডিসের সঙ্গে অনুশীলন করেছিল। তার আরো অনেক কিছু দেওয়ার আছে।’

কয়েক বছর আগেও শ্রীলঙ্কা ক্রিকেটের আশেপাশে ছিলেন না থিকশানা। বেড়ে উঠেছেন দাদির কাছে। ক্রিকেটীয় প্রতিভার বিকাশ ঘটাতে বদলান শহর। স্কুল ক্রিকেটে এতটাই জাদু ছড়িয়েছিলেন যে, জিততে থাকেন একের পর এক পুরস্কার। কলেজের পর যোগ দেন শ্রীলঙ্কান আর্মিতে। উদ্দেশ্য শুধুই ক্রিকেট।  সেখানে পরামর্শক হিসেবে পেয়েছিলেন দুই লঙ্কান তারকা দীনেশ চান্দিমাল ও থিসারা পেরেরাকে।

বিশেষ করে পেরেরাকে এতটাই মুগ্ধ করেছিলেন যে, ড্রাফটে না থেকেও দল পেয়ে যান লঙ্কা প্রিমিয়ার লিগে। একে একে পরবর্তী ধাপ পেরিয়ে  থিকশানা এখন মঞ্চ কাঁপাচ্ছেন জাতীয় দলের হয়ে।

বিশ্বকাপে শ্রীলঙ্কা আজ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। যারা নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ শুরু করেছে আসরে। তাদের সমীহ করলেও জয় ভিন্ন কিছু ভাবছেন না শানাকা, ‘আমরা কোয়ালিফাইং পর্ব পেরোতে চাই। তিন ম্যাচের সবকয়টিতে জয় পেলে আমাদের মনের অবস্থা ভালো থাকবে, তা মূল পর্বে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করবে।’