পরিকল্পিত সহিংসতা ও ঘৃণার বিরুদ্ধে সবাইকে অবিচল থাকতে হবে ------------মার্কিন দূতাবাস

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:০৪

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র। আমাদের সবাইকে নির্দিষ্ট সহিংসতা এবং পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে। কোনো ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উত্সবে অংশ নিতে পারেন তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বৈচিত্র্য, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা রক্ষার আহ্বান জানানো সব বিশ্বাসের বাংলাদেশিদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ফেসবুকে দেওয়া বার্তায় বলেছেন, ‘সম্প্রতি দুর্গপূজায় সহিংসতার শিকার মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা বাংলাদেশে ও বিশ্বে ধর্মীয় সহিষ্ণুতা ও ঐক্যের জন্য কাজ করে চলেছেন, আমরা তাদের পাশে রয়েছি।’