রাজশাহী শিক্ষা বোর্ড সচিবের অপসারণের দাবিতে সাত দিনের আলটিমেটাম

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:০৫

মহান মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা বিকৃতির অভিযোগে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেনকে অবিলম্বে অপসারণ ও গ্রেফতারে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এছাড়া মানববন্ধন থেকে দুর্নীতিবাজ ও স্বাধীনতাবিরোধী চক্রের হাত থেকে শিক্ষা বোর্ডকে রক্ষায় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় মানববন্ধনে স্মৃতি পরিষদের সহসভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য এম এ মাজেদ, রাকিবুল হাসান শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম মহান মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা বিকৃত করেছেন।  যেখানে ৩০ লাখ শহিদের রক্তের ওপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেখানে তিনি খালেদা জিয়ার ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন, ৩-এর সঙ্গে একটি ‘শূন্য’ বাড়িয়ে বলা হয়েছে। আসলে শহিদ হয়েছেন ৩ লাখ।

সচিবের এমন মন্তব্যের ঘটনায় তদন্ত শুরু হলেও রহস্যজনকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না। অবিলম্বে এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাজশাহী শিক্ষা বোর্ডকে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।