দেশে হিন্দুসহ অন্যদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:০৯

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজার সময় এবং পরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, হিন্দুদের সবচেয়ে বড় উত্সব চলাকালে তাদের ওপর, তাদের বাড়িঘর, মন্দির ও পূজামণ্ডপে হামলার খবর দেশটিতে সংখ্যালঘুবিরোধী মনোভাবের পরিচয় প্রকাশ পেয়েছে। তার দাবি, হিন্দুদের ওপর বারবার এ ধরনের হামলা, সাম্প্রদায়িক সহিংসতার মানে এই দাঁড়ায় যে, রাষ্ট্র সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।        তিনি বলেন, ধর্মীয় সংবেদনশীলতাকে টার্গেট করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। সংখ্যালঘুদের এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আমরা সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলার বিরুদ্ধে নিরাপত্তা ও ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে ঘটনার তদন্ত করতে হবে এবং সহিংসতা ও ভাঙচুরের জন্য দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে হবে।