ঢাবিতে শৈল্পিক প্রতিবাদ

‘দেখতে কি পাও, পুড়ছে বাংলা...’

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:১০

সদ্য সমাপ্ত শারদীয় দুর্গোত্সবের সময় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে ‘শৈল্পিক’ প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমিতির সঙ্গে যুক্ত হয়ে অপরাজেয় বাংলা  ভাস্কর্যের পাদদেশে, বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর অংশগ্রহণে ‘দেখতে কি পাও, পুড়ছে বাংলা...’ শীর্ষক শৈল্পিক প্রতিবাদী নাট্য পরিবেশিত হয়। ‘গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ  প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিল। পরিবেশনার সময়ে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইসরাফিল সাহিন, ড. সাইদুর রহমান লিপন, মোহাম্মদ আহসান খান এবং নাভেদ রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরিবেশানাটির মুখ্য তত্ত্বাবধায়ক তানভির নাহিদ খান বলেন, দেশকে বাঁচাতে এবং রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হলে সাম্প্রদায়িক সহিংসতা প্রশ্রয় না দিয়ে যার যার অবস্থান থেকে প্রতিহত করতে হবে।

বিভাগের সহকারী অধ্যাপক শাহমান মৈশান বলেন, বহু জাতির ও বহু ধর্মের বাংলাদেশকে বীভত্স সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ থেকে রক্ষার জন্য সবাই আওয়াজ তুলুন। বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন বলেন, ‘মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এবং সর্বপরি শিল্পী হিসেবে দেশ ও মানবতার স্বার্থে আমাদের বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সব সময়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়।’