ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল। মামলা গ্রহণের মতো কোনো উপাদান আবেদনে না থাকায় গতকাল মঙ্গলবার তা খারিজ করে দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন।
জোরপূর্বক ভূমি দখলসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য ও ভীতি প্রদর্শনের অভিযোগে মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করেন ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার পরিচয়ধারী আলহাজ আব্দুর রহিম নামে এক ব্যক্তি। আবেদনে মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি খারিজ করে দেন বিচারক। আদালতে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ শুনানি করেন।
মামলার আবেদন থেকে জানা যায়, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭ দশমিক ৯০ একর জমি থেকে দুই একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনা ভেঙে দখল করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। ঘটনার দিন বেলা ১১টায় ড্রেজার, এক্সকাভেটর/ভেকু, ড্রাম ট্রাকসহ বিভিন্ন স্থাপনা ভাঙার সরঞ্জামাদি নিয়ে ভাঙচুর ও জমি দখল করে নেয়। এতে বাদীর ৫ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে এলে মেয়র আতিকের নির্দেশে তার সঙ্গীরা তাদের মারধর করে।
