সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. নুরজ্জামান চৌধুরী। গতকাল বুধবার সেনবাগ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ওই প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন জাতীয় পত্রিকার ও ইলেকট্রনিক মিড়িয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পৌরসভার টানা ৯ বছর দায়িত্ব পালন ও আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে পুরো উপজেলার দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে। তাই তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিন্ধান্ত গ্রহণ করেন। তার বিশ্বাস দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করলে তিনি এবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি নুরজ্জামান চৌধুরী ২০০৩ সালে সেনবাগ পৌরসভার ৯ নং ওয়ার্ড বাবুপুর  এলাকা থেকে প্রথম কমিশনার পদে নির্বাচিত হন। এরপর ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিন বছর সেনবাগ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে কাউন্সিলদের সরাসরি ভোটে পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।