উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পাঁচ, ভাইস চেয়ারম্যান পাঁচ
ও মহিলা ভাইস চেয়ারম্যান সাত
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পাঁচ, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার এ ঘোষণা করেন। রাজশাহীর সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুর্গাপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার; মোহনপুরে কামরুল হাসান ভুলু, আফজাল হোসেন বকুল ও শহীদ ইবনে শাহাদত হোসেন এবং বাঘায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
সোমবার উত্সবমুখর পরিবেশে সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে ২৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জনসহ ৯০ জন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে আট উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলো ৭৩ জন। এদিকে ছয়টিতে দলীয় প্রার্থীর বাইরে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আসলেও রাজশাহীর তিনটি উপজেলায় স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এরা হলেন: বাঘা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, বাগমারা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া ও পুঠিয়া উপজেলায় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান। এছাড়া চারটি উপজেলায় জাতীয় পার্টি এবং দুটি উপজেলার চেয়ারম্যান পদে ওয়ার্কার্স পার্টির প্রার্থী দিয়েছে। এছাড়া বাঘা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মখলেছুর রহমান মকুল ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা দলনেত্রী ফারহানা দিল আফরোজ। জেলার ৯টি উপজেলার তফসিল ঘোষিত হলেও রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে সীমানা জটিলতা নিয়ে রিট মামলা থাকায় পবা উপজেলার ভোট একবছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বকশীগঞ্জে চার ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, বকশীগঞ্জ উপজেলা নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মোখলেসুর রহমান। মঙ্গলবার যাছাই বাছাই শেষে বিভিন্ন ত্রুটির কারনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীরা হলেন, মো. জিয়াউল হক, মোজাহারুল ইসলাম ভিমল, আনিছুজ্জামান হেবুল ও জহুরুল ইসলাম জয়নাল। একই সময় বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আবদুর রউফ তালুকদার, সাইফুল ইসলাম বিজয় ও আরিফুর রহমান পাভেল, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এসএম আবু সায়েম, জাহীদুল ইসলাম জুমান, আবদুল্লাহ আল সাফী লিপন, আবদুল আলিম তারা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার পাখি, মাসুমা ইয়াছমিন স্মৃতি ও জহুরা বেগমের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়েছে।
