দুই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট জেলার মোল্লাহাট ও ফকিরহাটে উপজেলা নির্বাচনে তৃণমূলের মতামতে আওয়ামী লীগের একক প্রার্থী ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। অন্যদিকে মাঠে নেই বিএনপি-জামায়াত। মোল্লাহাটে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা ও ফকিরহাটে স্বপন দাশকে উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রাথী হিসেবে তৃণমূলের নেতাকর্মীরা মনোনীত করে বিভিন্ন স্থানে প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর বাইরে বিএনপি-জামায়তসহ অন্য কোনো দলের প্রার্থী মাঠে নেই। ফকিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানমসহ এ দু’টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছে তারা।
মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু বলেন, সত্, যোগ্য সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন উন্নয়নে দক্ষতার দিক বিবেচনা করে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মোল্লাহাট ও ফকিরহাটে উপজেলা চেয়ারম্যান পদে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশকে মনোনীত করা হয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শরিফুল কামাল কারিম বলেন, দল নির্বাচনে অংশগ্রহণ করলে মনোনয়ন চাইবো। স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো না।
