তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় কাকিনা-রংপুর মহাসড়ক বিলিন হওয়ায় কাকিনা–রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাকিনা রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় মহাসড়কটি বিলিন হয়ে যায়।
কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক ধসে যাওয়ায় কাকিনা রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েন।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে কাকিনার মহিপুর সেতু রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে গিয়ে রংপুরের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রবল পানির স্রোত থাকায় সড়কটি রক্ষা করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে।
ইত্তেফাক/এমআর
