এসএসসি পরীক্ষা দিচ্ছে মির্জাপুরের সাড়ে তিন ফুট উচ্চতার মেহেদী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সাড়ে তিন ফুট উচ্চতার মেহেদী হাসান এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। মেহেদী হাসান টাঙ্গাইল মির্জাপুর উপজেলার সিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। বাঁশতৈল মোঃ মনসুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সে পরীক্ষা দিচ্ছে। তাকে একনজর দেখার জন্য বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাড়াও পরীক্ষা কেন্দ্রে আসা তাদের অভিভাবক ও নানা শ্রেণি-পেশার লোকজন পরীক্ষা কেন্দ্রে ভিড় করছে। মঙ্গলবার বাঁশতৈল মোঃ মনসুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে মেহেদী হাসান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ের পরীক্ষা দিচ্ছে।

জানা গেছে, মেহেদী হাসানের পিতার নাম মোঃ আব্দুল হালিম এবং মাতার নাম মিসেস মমতাজ বেগম। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার সিট মামুদপুর। মেহেদী হাসান সিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে। তার রোল-১৭৫২০১, রেজিস্ট্রেশন-১৬১০৬৫৮২৩০ এবং জন্ম তারিখ ১৭.০১.২০০২ ইং। তার সহপাঠীরা জানায়, মেহেদী হাসানের বয়স প্রায় ১৭ বছর হলেও জন্মগতভাবেই ছোট প্রকৃতির (বেঁটে)। তবে লেখাপড়ার প্রতি সে বেশ মনোযোগী। নিয়মিত ক্লাসে উপস্থিতিসহ প্রতিটি বিষয়য়ে ভালোভাবে পড়াশোনা করে আসছে। ক্লাসে কোনো পরীক্ষায় ফেল করেনি। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরাও মেহেদীকে ভালোভাবে সহযোগিতা ও পরামর্শসহ সার্বিক সহযোগিতা করেছে।

মেহেদী হাসান জানায়, আমাকে দেখে অনেকে হাসি-তামাসা ও নানাভাবে কানাঘুষা করলেও কারো প্রতি আমার কোনো ক্ষোভ, রাগ বা অভিমান নেই। সে সবসময় মনে করে শারীরিক গঠন এটা নিজের হাতে নয়, এটা আল্লাহর দান। তিনি মানুষকে যেভাবে গঠন করবেন সেভাবেই সে মানুষ হবে। তবে লেখাপড়া করে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে উঁচু হয়ে মানুষ হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে। বাঁশতৈল মোঃ মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ এমরান হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, মেহেদী হাসানের শারীরিক গঠন ছোট হলেও ছাত্র হিসেবে সে মেধাবী। তার প্রতিটি বিষয়ের পরীক্ষা বেশ ভালো হয়েছে এবং এসএসসি পরীক্ষায় সে অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে বলে তারা জানিয়েছেন।