মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে গ্রেফতার ২০

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:৫১

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিন চালিত নৌকা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ ১৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপ্রাপ্তবয়স্ক ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, মুক্তি পান এক প্রতিবন্ধীও। 

মা ইলিশ ধরার কাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিন চালিত নৌকা মাওয়া নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত জাল পদ্মার তীরে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ৩০ কেজি মা ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানের সার্বিক দায়িত্বে থাকা লৌহজং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইত্তেফাক/এসএ