বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের পক্ষ থেকে অসুস্থদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার চিকিত্সার জন্য সিটি মেয়রের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করা ব্যক্তিদের মধ্যে এ চেক বিতরণ করা হয়। বরিশাল সিটি করপোরেশনের এনেক্স ভবনে চেক বিতরণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় ব্রেইন টিউমারে আক্রান্ত বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিম সরোয়ার দিদারের বোন ও নগরীর ৬ নম্বর ওয়ার্ড বাসিন্দা শেখ নিলা বেগমের চিকিত্সার জন্য তার হাতে আর্থিক সহায়তার ৫ লাখ টাকার চেক এবং নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির হোসেনের ছেলের চিকিত্সার জন্য ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক আব্দুল হান্নান আলী, দিপক লাল হেলা, মো. এসকান্দার হাওলাদার, আমির গাজী, ঝাড়ুদার কান্তা ডোম মৃত্যুবরণ করায় তাদের ওয়ারিসদের প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক বিতরণ করেন সিটি মেয়র।
