পটুয়াখালী পৌরসভার হিসাবরক্ষক শাহীনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

পটুয়াখালী প্রতিনিধি

আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের বিষয়ে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করার অভিযোগে পটুয়াখালী পৌরসভার হিসাবরক্ষক এসএম শাহীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পটুয়াখালী জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, এসএম শাহীনের  বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ রয়েছে মর্মে পরিলক্ষিত হওয়ায় দুদক তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস জারি করে। সে প্রেক্ষিতে তিনি তার সম্পদের উত্স্য বিবরণী দাখিল করেন। পরবর্তীতে দুদক দাখিলকৃত সম্পদ বিবরণী অনুসন্ধান ও যাচাইকালে দুই কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকার সম্পদের বিষয়ে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে বলে প্রতীয়মান হয়। ফলে  এসএম শাহীনের অর্জিত সম্পদের প্রদর্শিত উত্সসমূহের যথাযথ প্রমাণ না পাওয়ায় উক্ত ২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি  নিশ্চিত করেছেন।

এসএম শাহীন অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তিনি  অবৈধ কোনো সম্পদ অর্জন করেননি। তিনি আয় করে এই সম্পদ অর্জন করেছেন। আয়কর অফিসে তার আয়ের রিটার্ন দাখিল করা আছে। পৌরসভা নির্বাচনের আগে এভাবে মিথ্যা মামলা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।