গেল সেপ্টেম্বর মাসে দেশে মূল্যস্ফীতির হার আকের দফা বেড়েছে। সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশে। আগস্টে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। জুলাইয়ে ছিল ৫ দশমিক ৩৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদেন এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত মূল্যস্ফীতির প্রতিবেদনে দেখা যায়, গত জুন মাসে ৫ দশমিক ৬৪ শতাংশ থাকার পর জুলাইয়ে কিছুটা কমতে দেখা যায়। এরপর ফের বাড়তে শুরু করে এই হার। মূল্যস্ফীতির তথ্য পর্যালোচনায় বিবিএস উল্লেখ করেছে, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে চাল, আটা-ময়দা, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে।
বিবিএসের হিসাবে সেপ্টেম্বর মাসে দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২১ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ। আগের মাস আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ১৩ শতাংশ। অর্থাত্ এক মাসের ব্যবধানে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে।
