ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে মশুরীখোলা দরবার শরিফের জশনে জুলুশ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৫৮

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নারিন্দা, মশুরীখোলা দরবার শরিফের পির সাহেব আলহাজ হজরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:)-এর নেতৃত্বে গত মঙ্গলবার সকালে দরবার শরিফ থেকে জশনে জুলুশ বের হয়। উক্ত জশনে জুলুশে হজরত শাহ্ আহসানুল্লাহ (রহ.) কমপ্লেক্সের সম্মানিত সদস্যগণ, দারুল উলূম আহসানিয়া কামিল মাদ্রাসা, দারুল উলূম আহসানিয়া দাখিল মাদ্রাসা, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আহসানিয়া এতিমখানার ছাত্র ও শিক্ষকসহ দরবার শরিফের মুরিদান, ভক্তবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন।

মোনাজাতের আগে পির সাহেব বলেন, উগ্রতা, মহামারি, করোনার চেয়েও ভয়ংকর। কারো ব্যক্তিগত অপকর্মের দায় একটি গোষ্ঠীর ওপর চাপানোর সুযোগ নেই। কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা নিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পিত চক্রান্ত। ইসলাম পরম সহিষ্ণুতা ও অন্যের বিশ্বাসকে সম্মানের দীক্ষা দেয়। আর তাই আউলিয়ে কেরামের দরবার সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। তিনি বলেন, সরকারের উচিত নিরপেক্ষতার ভিত্তিতে দ্রুত প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদ এবং জেলা পরিষদের নেত্রীবৃন্দ। জুলুশ শেষে দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি