যশোরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

যশোর অফিস

যশোরে দু’দল ডাকাতের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার ভোরে যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করে। নিহত ডাকাত বাবর আলী খুলনার ডুমুরিয়া উপজেলার বেতা গ্রামের ইউসুফ মোড়লের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক নূর উন নবী জানান, সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড, একটি করাত, ৩টি হাসুয়া, রশি, স্যান্ডেল উদ্ধার করেছে। প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার হলেও বুধবার দুপুরে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়। নিহত বাবর আলীর চাচা ময়েজ মোড়ল হাসপাতাল মর্গে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেন।

খুলনায় অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনা অফিস

খুলনায় একটি অত্যাধুনিক ওয়ান শুটারগান, পিস্তলের এক রাউন্ড গুলি ও মোটর সাইকেলসহ মো. রেজাউল ইসলাম ওরফে রেজা শেখ নামের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বটিয়াঘাটা উপজেলার ষোলগাতী ব্রিজের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের নেতৃত্বে বটিয়াঘাটা উপজেলার ষোলগাতী ব্রিজের কাছে বটিয়াঘাটা টু সাচিবুনিয়া রোডে চেকপোস্ট ডিউটি করাকালে রেজাউল ইসলাম ওরফে রেজা শেখকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রেজা শেখ নগরীর লবণচরা থানার চরকৃষ্ণনগর গ্রামের মো. সুলতান শেখের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রেজা শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী ভাড়াটিয়া খুনি। সে ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর শাহিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে জামিনে রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. লুত্ফর রহমান তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।