ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। গত সোমবার উত্সবমুখর পরিবেশে প্রার্থীরা স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার বাছাই পর্বে সকলের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। ছাতকে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তিনি আওয়ামী ঘরানার হলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান ও স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী আরেক প্রার্থী আওলাদ আলী রেজাও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বাবুল রায়, শাহীন চৌধুরী, আতাউল হক সানি, আব্দুল গাফফার, ইজাজুল হক রনি, অ্যাড. মাছুম আহমদ, লোকমান হোসেন ও শামীম আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ইজাজুল হক রনি বিএনপি সমর্থক ও শামীম আহমদ জাতীয় পার্টির সমর্থক বলে জানা গেছে। অন্যান্য ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সকলেই আওয়ামী ঘরানার।
