পরিবারে ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে ভিজিডির সুপারিশ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:১০

ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে পরিবারে ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে, সেসব পরিবারকে ২০২৩-২০২৪ চক্রে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এ ধরনের পরিবারকে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ে চিঠি দিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ দিয়েছে।

কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য—শবনম জাহান, লুত্ফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। বৈঠকে বাল্যবিবাহ রোধে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে ইউনিয়নভিত্তিক কাজিসহ অন্যদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। নির্মাণাধীন ‘জয়িতা টাওয়ার’-এ বিপণনকেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে একটি আইন/বিধি প্রণয়ন করা, পণ্যের গুনমান ও ডিজাইন নিশ্চিত করা এবং ই-জয়িতা ও ই-কমার্স বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।