পাক অধিনায়ক বাবর আজমের হুংকার 

‘অতীত ভুলে যান, এবার আমরাই জিতব’

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৯:০৪

বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণের কথা উঠলেই, সবার আগে চলে আসে পরিসংখ্যান। ৫০ ওভারের বিশ্বকাপে ভারত ৭-০ এগিয়ে পাকিস্তানের বিরুদ্ধে। বিশ ওভারের বিশ্বকাপে নীল জার্সিধারীদের সেই রেকর্ড ৫-০। তবে অতীতের সব পরিসংখ্যান ভুলে যেতে বলছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। তিনি বলেছেন, আগামী রবিবার শেষ হাসি হাসবেন তাঁরাই। এবার ভারতকে হারাবে পাকিস্তান।

পিসিবিতে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো আত্মবিশ্বাসী শোনাচ্ছে বাবরকে। তিনি বলেন, ‘যখন কোনও দল বড় টুর্নামেন্টে খেলতে নামে, তখন কথা বলে আত্মবিশ্বাস। যেটা এই দলের মধ্যে রয়েছে। অতীত ভুলে যান। আমরা ওসব নিয়েই ভাবি না। ভবিষ্যতের দিকেই আমাদের ফোকাস। আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা ভারতের বিরুদ্ধে ভাল ক্রিকেট খেলব। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলাদা মাত্রা যোগ করে। দুই দলের ওপরেই চাপ থাকে। দল হিসাবে আমাদের ফোকাস থাকে ক্রিকেটে। ভাল ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।’

বিগত কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ধারাবাহিক ক্রিকেট খেলে আসছে। আর এটাই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অ্যাডভান্টেজে রাখবে বলে মনে করছে পাকিস্তান ক্যাপ্টেন। তাঁর সংযোজন, ‘আমরা বিগত ৩-৪ বছর এখানে খেলছি। খুব ভাল ভাবে জানি উইকেটের আচরণ। ব্যাটসম্যানরা জানে কীভাবে মানিয়ে নিতে হয়। দিনের দিন যে ভাল ক্রিকেট খেলবে, সেই জিতবে। আমাকে জিজ্ঞাসা করলে বলব, আমরাই জিতছি।’ 

ইত্তেফাক/এসআই