দায়ী কে?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

আমার মেয়েকে ভর্তি পরীক্ষার মাধ্যমে মতিঝিল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বনশ্রী শাখায় ষষ্ঠ শ্রেণিতে এ বছর ভর্তি করানো হয়। জানুয়ারি মাস পার হলো এবং এসএসসি পরীক্ষার কারণে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করায় ফেব্রুয়ারি মাসও পার হবে; কিন্তু স্কুল কর্তৃপক্ষ আজো তাদের হাতে ক্লাস সিক্সের নতুন পাঠ্যবই তুলে দিতে পারেনি! ঐ স্কুলে ক্লাস সিক্সে নতুন ভর্তি ‘ঘ’ শাখার কোনো স্টুডেন্টই নতুন বই এখনও হাতে পায়নি। বছরের প্রথম দিনে ‘বই উত্সবে’র মাধ্যমে বাচ্চাদের হাতে নতুন বই তুলে দেওয়ার সরকারের এমন চমত্কার মহতি উদ্যোগকে কালিমালিপ্ত করতে নেপথ্যে কারা? ঐ স্কুলে আগে থেকে পড়ুয়া পঞ্চম শ্রেণি থেকে যারা ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে তারা সময়মতো নতুন বই হাতে পেয়েছে, কিন্তু নতুন ভর্তির ক্ষেত্রে এই বিপত্তি কেন? শ্রেণিশিক্ষক যথারীতি সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে বলেছেন, যখন সরকার থেকে বই দেওয়া হবে তখনই তারা বই হাতে পাবে! অবহেলা কি সরকারের নাকি বই বিতরণকারী কর্তৃপক্ষের সঙ্গে যথাসময়ে যোগাযোগ করতে স্কুল কর্তৃপক্ষের ব্যর্থতা? বিষয়টার সুরাহা হওয়া অতীব জরুরি বলে মনে করি।

 নাম প্রকাশে অনিচ্ছুক