হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ভারতে পাচারকালে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ এক জনকে আটক করেছে বিজিবি। আটককৃত নজরুল ইসলাম (৫০) উপজেলার রায়ভাগ (হাড়ীপুকুর) গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, রাতে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তের হাড়ীপুকুর এলাকায় অবস্থান নেয়। এ সময় নজরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে টহলদলের কাছাকাছি এলে তাকে থামানোর সংকেত দেওয়া হলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা নজরুলকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার মোটরসাইকেলের হেডলাইটের ভেতরে অভিনব কায়দায় রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪০ ভরি। আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণ, মোটরসাইকেল হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে। এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা করা হচ্ছে।
