আনোয়ারায় অবাধে কুচিয়া মাছ নিধন

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:১৮

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারায় অবাধে নিধন করা হচ্ছে বিপন্ন প্রজাতির মাছ কুচিয়া। উপজেলার বিভিন্ন স্থান থেকে চাঁই দিয়ে ধরে এ মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। জানা যায়, কুচিয়া অতি সুস্বাদু, স্বাস্থ্যকর ও ঔষধি গুণসম্পন্ন এক প্রকার মাছ।

আমাদের দেশে বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এ মাছটি বেশি খেয়ে থাকেন। এই মাছ ধরতে এক প্রকার চাঁই ব্যবহার করে মাছ শিকারিরা। চাঁইটি এমনভাবে তৈরি করা হয় যাতে করে এর ভেতর প্রবেশ করা কুচিয়া বের হয়ে আসতে না পারে। আর এতে কুচিয়ার খাবার হিসেবে কেঁচো ব্যবহার করা হয়। কুচিয়া ব্যবসায়ী নিতাই বলেন, এসব কুচিয়া তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আকার ওজন অনুযায়ী ৩০০-৫০০ টাকা দরে বিক্রি করেন। পরে তা ঢাকা হয়ে বিভিন্ন দেশে বেশি দামে রপ্তানি করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, কুচিয়া এক ধরনের মাছ। অনেক জায়গায় মাছ হিসেবে এটি প্রসিদ্ধ। কিন্তু অবাধে কুচিয়া ধরে বিভিন্ন দেশে পাচার করলে অবশ্যই এটা অপরাধ। এ বিষয়টি আমরা নজরে রাখব।