মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট জেলা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদের নেতৃত্বে জয়পুরহাট জেলা শহরের সুইপার কলোনি, দ্বিতীয় রেলগেট, ডাকবাংলা রোডের মেসার্স রাহিম ফল ভাণ্ডারের আশপাশে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ২০ জনকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়। এদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিরাপদ সড়ক দিবসে আলোচনাসভা
বরিশাল অফিস বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মো. সেলিম, বরিশাল সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী লিটন আহামেদ খান, বিআরটিএ বরিশাল বিভাগের উপপরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমান প্রমুখ। শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
মত্স্যজীবীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
সুজানগর (পাবনা) সংবাদদাতা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতি ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ শিকার এবং আহরণ থেকে বিরত থাকায় সুজানগরে মত্স্যজীবীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার উদ্যোগে বিশেষ ভিজিএফের এ চাল বিতরণ করা হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজা পৌরসভার ৮০ জন মত্স্যজীবীর মধ্যে ২০ কেজি করে এ চাল বিতরণ করেন। পৌরসভার চর ভবানীপুর জামে মসজিদের পাশে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, পৌর সচিব গোলাম নবী ও উপজেলা মত্স্য অফিসের ক্ষেত্র সহকারী খোকন কুমার বিশ্বাস।
‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইপড়া প্রতিযোগিতা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় শুক্রবার সকালে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও জ্ঞানের আলো পাঠাগারের ব্যবস্থাপনায় উপজেলার তারাশী গ্রামে অবস্থিত জ্ঞানের আলো পাঠাগারে এ বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেরর অর্ধশতাধিক শিক্ষার্থী। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডলের সভাপতিত্বে বই পড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য মাজাহারুল আলম পান্না, উপজেলা একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, জ্ঞানের আলো পাঠাগারের প্রেসিডিয়াম সদস্য আজিজুল শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
বজ্রপাত রোধে তালবীজ বপন
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা পরিবেশ বিপর্যয় ও বজ্রপাত থেকে রক্ষা পেতে কামারখন্দে প্রায় দুই কিলোমিটার গ্রামীণ সড়কে শতাধিক তালবীজ বপন করা হয়েছে। মানবতায় বন্ধু মহল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার সকালে কামারখন্দ-সিরাজগঞ্জ শহর আঞ্চলিক সড়কে এ তালবীজ বপন করে। এর আগে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এম এম কামরুল হাসান, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
জেলেপল্লিতে আর্থিক সহায়তা প্রদান
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের জেলেপল্লিতে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুক্রবার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পুলিশের আইজিপির নির্দেশে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, জেলেপল্লিতে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিরোদা রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
