বিনোদন রিপোর্ট
না ফেরার দেশে পাড়ি জমালেন টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা শামীম ভিস্তি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে হূদযন্ত্রের ত্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শামীম ভিস্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। আহসান হাবীব নাসিম বলেন, ‘হঠাত্ করেই চলে গেলেন শামীম ভিস্তি। পরিচালক কায়েস চৌধুরীর মৃত্যুর খবর শোনার পর থেকেই খানিকটা অসুস্থ ছিলেন তিনি। কয়েকবার বমিও করেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।’ উল্লেখ্য, দেশের পুরনো নাট্যদল নাট্যচক্রের সদস্য শামীম ভিস্তি। অভিনয়শিল্পী সংঘেরও সদস্য ছিলেন তিনি। গত নির্বাচনে অভিনয়শিল্পী সংঘের সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। শামীম ভিস্তি অভিনীত সর্বশেষ নাটক ‘জিন্দাবাহার’। এছাড়া তিনি পরবাসিনীসহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।
