মুক্তি পেল ‘ঢাকা ড্রিম’

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:৫২

গতকাল দেশের ৬টি হলে মুক্তি পেয়েছে প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ ছবিটি। প্রান্তিক মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে এটি। নিজের নতুন ছবি প্রসঙ্গে নির্মাতা প্রসূন বলেন, ‘আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র ঢাকা ড্রিম ছবিটি নির্মাণ করেছি।’ এছাড়া পরিচালক ছবিটির মুক্তি নিয়ে আরো জানান, ঢাকা ড্রিম গতকাল থেকে ৬টি হলে দেখা যাচ্ছে। ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হলে।

ছবিটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা ও প্রয়াত এসএম মহসীনসহ অনেকে।