৭০ দিন ধরে হাসপাতালে রওশন এরশাদ, বিদেশে নিতে চায় পরিবার

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ ৭০ দিন ধরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন। ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে গত ১৪ আগস্ট থেকে তিনি হাসপাতালে। অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে গত ২৫ আগস্ট তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে আবারও তিনি আইসিইউতে চিকিত্সা নিচ্ছেন।

রওশন এরশাদের পারিবারিক সূত্র ইত্তেফাককে জানায়, তিনি শারীরিকভাবে খুব দুর্বল। নিজ থেকে হাঁটাচলা করতে পারেন না। সার্বক্ষণিক তাকে সিএমএইচে নার্সের সহযোগিতা নিতে হচ্ছে। এ অবস্থায় উন্নত চিকিত্সার জন্য পরিবার তাকে সিঙ্গাপুরে বা অন্য কোনো দেশে নেওয়ার চিন্তাভাবনা করছে।