বিএনপিপন্থি প্যানেলের ভরাডুবি
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ’র ভরাডুবি ঘটেছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে একটিও পায়নি তারা।
আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ১১টি পদের বিপরীতে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৯টি এবং আওয়ামী-বামপন্থি শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে ২টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন। গত মঙ্গলবার দিনব্যাপী নির্বাচন শেষে রাত ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. আসিফ ইকবাল।
এছাড়া সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. দীপেন দেবনাথ, কোষাধ্যক্ষ পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহিবুল আলম, যুগ্ম-সম্পাদক পদে ফুড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।
এদিকে ছয়টি সদস্য পদের বিপরীতে ৪টি পদে একই প্যানেল থেকে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি, এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, জিইবি বিভাগের ড. মো. আশরাফুজ্জামান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী নির্বাচিত হয়েছেন। সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন নির্বাচিত হয়েছেন।
