ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসনে সরকারের ব্যাপক উদ্যোগ

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০০:৩০

সাম্প্রতিক সহিংসতার পর ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং হিন্দু সম্প্রদায়ের আস্থা বৃদ্ধির জন্য সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ২০ হাজার ৬১৯ জনকে অভিযুক্ত করে মোট ১০২টি মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে ৫৮৪ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। সরকার ও দলের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ সহায়তা, খাদ্য, কাপড়, অন্যান্য নিত্যপণ্য এবং গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশ জুড়ে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের সহায়তা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৩৭টি জেলা ও তিনটি মহানগরীতে মোট ১১৭ প্লাটুন আধা-সামরিক বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্য মোতায়েন করা হয়েছে, পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা টহল দিচ্ছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগ তাদের দেশব্যাপী ইউনিটগুলোকে সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ করতে সহায়তার নির্দেশ দিয়েছে। দলটি ইতিমধ্যেই সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং কাউকে তা নস্যাত্ করতে দেওয়া হবে না।’ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দুই ডজনেরও বেশি লোককে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার অভিযোগে ইতিমধ্যে পুলিশ সন্দেহভাজন ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে।

ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ বান্ডেল ঢেউ টিন, ঘরবাড়ি নির্মাণের জন্য ৪ লাখ ৪৫ হাজার টাকা এবং ১ হাজার ২০০ প্যাকেট খাদ্য বরাদ্দ করেছে। রংপুর জেলা প্রশাসন রবিবার রাতে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মধ্যে নগদ ৯ লাখ টাকা এবং ১০০ বান্ডেল ঢেউ টিন বিতরণ করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সদস্যদের দেখতে যান এবং প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা ও ২০ কেজি চাল প্রদান করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপনসহ অন্যান্য সংসদ সদস্য রংপুরে ক্ষতিগ্রস্তদের দেখতে যান। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে খুব শিগিগরই একটি কেন্দ্রীয় দল সারাদেশে সফর করবে।