বড় জয়ে ইংল্যান্ডের সান্ত্বনা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১

স্পোর্টস রিপোর্টার

বড় জয় দিয়েই সিরিজ শেষ করলো ইংল্যান্ড। ৪৮৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন মাত্র ২৫২ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে ২৩২ রানের বিশাল জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়ালো জো রুটের দল। যদিও, প্রথম দুই টেস্ট জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের ট্রফি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজই।

চার উইকেটে ৩২৫ রান দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের সকালেও অল্প সময় ব্যাট করে তারা। এর মধ্যে পাঁচ উইকেটে স্কোর হয় ৩৬১ রান। আউট হওয়ার আগে জো রুট করেন ১২২ রান। ইনিংসে ছিল ১০টি চার। অন্যদিকে বেন স্টোকস চারটি চার ও একটি ছক্কার সৌজন্যে ৪৮ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল পান দুই উইকেট।

জবাব দিতে নেমে চতুর্থ দিনের বাকিটা সময়ের পুরোটা ব্যাটই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৫২ রানের ইনিংসটা স্থায়ী হয় মাত্র ৬৯.৫ ওভার। এর মধ্যে আলাদা করে বলতে হয় রোস্টন চেজের কথা। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়ে গেছেন তিনি। ১০২ রানের অপরাজিত এই ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা। এর বাইরে অন্য কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখাও পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান আলজারি জোসেফ।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন মঈন আলী ও জেমস অ্যান্ডারসন। এছাড়া বেন স্টোকস দু’টি ও মার্ক উড নেন একটি করে উইকেট। দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পেসার উড।

গোটা সিরিজ জুড়ে দারুণ বল করা কেমার রোচের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। টেস্ট সিরিজ শেষে এবার দু’দল ওয়ানডে সিরিজের অপেক্ষায় আছে।  আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু করে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস:২৭৭ অল আউট ও দ্বিতীয় ইনিংস: (আগের দিন ৩২৫/৪) ১০৫.২ ওভারে ৩৬১/৫ (ইনিংস ঘোষণা) (রুট ১২২, স্টোকস ৪৮*; রোচ ১/৪৫, গ্যাব্রিয়েল ২/৯৫, পল ১/১১, জোসেফ ১/৭২)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস:১৫৪ অল আউট ও দ্বিতীয় ইনিংস:(লক্ষ্য ৪৮৫) ৬৯.৫ ওভারে ২৫২ অল আউট (চেজ ১০২*, হেটমায়ার ১৯, ডরউইচ ১৯, রোচ ২৯, জোসেফ ৩৪, পল ১২ ; অ্যান্ডারসন ৩/২৭, স্টোকস ২/৩০, উড ১/৫২, মঈন ৩/৯৯)

ফলাফল: ইংল্যান্ড ২৩২ রানে জয়ী

সিরিজ: তিন টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী

ম্যাচ সেরা: মার্ক উড (ইংল্যান্ড)

সিরিজ সেরা: কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)।