নিজ মাঠে হারল ম্যান ইউ
ম্যানচেস্টার ইউনাইটেড ০:২ পিএসজি
রোমা ২:১ পোর্তো
স্পোর্টস ডেস্ক
ভারপ্রাপ্ত কোচ ওলে গুনা সোলসারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড কঠিন বাস্তবতা টের পেল গত মঙ্গলবার পিএসজির কাছে ২-০ গোলের হারে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠে ম্যান ইউ’র অমন হারে ফিরতি লেগে কঠিন পরিস্থিতির সম্মুখীন ইংলিশ ক্লাবটি। অথচ ফরাসি চ্যাম্পিয়নরা তাদের সবচাইতে বড় তারকা নেইমার ও এডিসন কাভানিকে ছাড়াই খেলতে নেমেছিল। তারপরও দ্বিতীয়ার্ধে প্রেসনেল কিমপেম্বে ও কিলিয়ান এমবাপের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এর চাইতেও খারাপ খবর হলো পল পগবার দুবার হলুদ কার্ড পেয়ে বহিষ্কৃত হওয়া। হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর সোলসার এই পগবাকে নৈপুণ্যে ফিরিয়ে এনেই উজ্জীবিত করেছিলেন ম্যান ইউকে। মৌসুমের শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পাওয়া সোলসার ১১ খেলায় ১০ জয়ের সুবাদে ঘরোয়া লিগের পর মহাদেশীয় লড়াইয়েও নিজেদের হারানো জায়গা ফিরে পাওয়ার আশা জাগিয়েছিলেন।
কিন্তু এর পরিবর্তে পিএসজির কাছে তারা পুরোপুরি বিধ্বস্ত হলো। এটা হলো নিজেদের মাঠে ইউরোপিয় কোন প্রতিযোগিতায় এক গোলের বেশি ব্যবধানে ম্যান ইউর প্রথম হার। ফলে ৬ মার্চ ফিরতি লড়াইয়ে উতরাতে হলে কোচ সোলসারের দলকে এখন জাদুকরী কিছু করে দেখাতে হবে। প্যারিসে হবে খেলাটি।
নরওয়ের বাসিন্দা এবং ম্যান ইউ’রই সাবেক খেলোয়াড় সোলসার অবশ্য এখনই হাল ছাড়ছেন না। তাই তিনি বলতে পারেন, ‘পাহাড় তো থাকেই ডিঙ্গানোর জন্য। আপনি তো শুয়ে পড়ে বলতে পারেন না ব্যাপারটা শেষ হয়ে গেল। আমরা সেখানে যাব, আমাদের খেলাটা খেলবো এবং আজকের চাইতে উন্নতি ঘটাবো।’
সোলসারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে প্রথমার্ধে জেসি লিঙ্গার্ড ও অ্যান্থনি মার্শাল ইনজুরির কবলে পড়ায়। তার মধ্যে অনেকদিন পর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা উইঙ্গার ডি মারিয়া তার পুরনো ক্লাবের বিরুদ্ধে জ্বলে ওঠেন।
উভয় গোলেই ছিল এই আর্জেন্টাইনের অবদান। ৫৩ মিনিটে তার কর্নার থেকেই গোল করেন কিমপেম্বে। পাঁচ মিনিট পর এমবাপের করা গোলটিও রচে দেন ডি মারিয়া। এমবাপে নিজেও দুর্দান্ত খেলে সারাক্ষণ ভীতিকর হয়ে থাকেন এই রাতে। বিপক্ষের জালে বল পাঠানোর সুবাদে রোনালদোর ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ গোলের সমকক্ষ হলেন।
ডি মারিয়ার নৈপুণ্যকে অবশ্য স্বাগতিক দর্শকরা ভালোভাবে নেয়নি। তারা সাবেক খেলোয়াড়টিকে দুয়োধ্বনি দেন। এক দর্শক তো বোতলও ছুড়ে মারেন তাকে। রিয়াল মাদ্রিদ থেকে আসা খেলোয়াড়টিকে সেসময় ভালোভাবে কাজে লাগাতে পারেননি তখনকার কোচ লুই ফন গল। এক বছর পর আর্জেন্টাইনটি চলে যান পিএসজিতে। কিন্তু এই রাতে উইঙ্গারটি দর্শকদের গালাগাল ও প্রথমার্ধে অ্যাশলি ইয়ংয়ের ফাউলে মাঠে ধারে ভুশয্যা নেয়ার পরও দেখিয়ে দেন কি হতে পারতেন তিনি ওল্ড ট্র্যাফোর্ডে।
খেলার শেষদিকে ডি মারিয়াকে তুলে নেয়ার সময় পিএসজি সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন করে সম্মান জানান।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবারের অপর খেলায় রোমা নিজ মাঠে ২-১ গোলে হারিয়েছে পোর্তোকে।
