রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠক করার দায়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, মনিরুল ইসলাম (৫০), কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), আব্দুল মমিন (২৫), ফয়সাল আহমেদ (২০), আজাহার আলী (৩৫), আবু বক্কর (৪২), আব্দুর রব (৩০), উজ্জল হোসেন (৩৪), আব্দুল হালিম(৩৫), ওবেদ (৫০) ও আবুল হোসেন (৬১)।
গোলাম রহুল কুদ্দুস জানান, শুক্রবার রাতে পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে জামায়াত শিবিরের কয়েকজন নেতাকর্মীরা দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠক করছে এমন গোপন তথ্য পাই আমরা। গোপন সেই তথ্যের ভিত্তিতে আরএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার হয়। এ ঘটনায় সকলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইআ
