শেষ পর্যন্ত বাড়ি ফিরছেন এমিলিয়ানো সালা। জীবিত সালাকে তো আর কোনোদিনই পাওয়া যাবে না। তাই সাগরতল থেকে লাশ হিসেবে বেরিয়ে আসা এই ফুটবলারের শবদেহই যাচ্ছে তার দেশ আর্জেন্টিনায়। সেখানে তার জন্য প্রার্থনা করা হবে। ২৮ বছরেই জীবনের সমাপ্তি টানা এই স্ট্রাইকারের জন্মশহর প্রোগ্রেসোর মেয়র হুলিও মুলার এ তথ্য জানিয়েছেন। সালার পরিবার ইতোমধ্যেই সেখানে পৌঁছেছে। মেয়র জানান আগামীকাল শুক্রবার বিকেলে লাশটি পৌঁছাবে। সালা ২১ জানুয়ারি ছোট বিমানে চড়ে সাবেক ক্লাব নান্তেজ থেকে ইংল্যান্ডের কার্ডিফ সিটিতে যোগ দিতে আসছিলেন। পথিমধ্যে ইংলিশ চ্যানেলে বিধ্বস্ত হয় তার বিমানটি। তার শৈশবের ক্লাব সান মার্টিন ডে প্রোগ্রেসো ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছে, ‘আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এ দফায় তুমি চিরকালের জন্য আমাদের সঙ্গে থাকবে।’
