নিখোঁজের ৪ দিন পরে নাটোরের লালপুরে একটি ধানক্ষেত থেকে বাবলী আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবলী উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকার বাবু কুলির মেয়ে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে ইমনকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর থেকে শিশু বাবলী নিখোঁজ হয়। পরে ৪ দিন পর শনিবার (২৩ অক্টোবর) নিহত বাবলীর লাশ বাড়ির অদূরে ধানক্ষেতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ধানক্ষেত থেকে বাবলীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি ফজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ইমনের ভাষ্যমতে ১৯ অক্টোবর সকালে হাসুয়া দিয়ে ঘাস কাটার সময় বাবলী তাকে বার বার বিরক্ত করায় সে হাসুয়া ছুড়লে সেটির আঘাতে বাবলীর মৃত্যু হয়। এ সময় সে তার বাবাকে সাথে নিয়ে বাবলীর লাশটি বস্তাবন্দি করে ধানক্ষেতে ফেলে রাখে। বাবলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
ইত্তেফাক/এমএএম
