ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলায় পরীক্ষামূলক গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টম্যাটো চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিনে গবেষণা বিভাগ ভোলার অফিস সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশে গ্রীষ্মকালীন টম্যাটোর অভিযোজন পরীক্ষা, উত্পাদন প্রযুক্তি উদ্ভাবন ও কমিউনিটি বেসড পাইলট প্রোডাকশন প্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় গত বছর ভোলায় পরীক্ষামূলকভাবে তিন জন কৃষক বারি হাইব্রিড টম্যাটো চাষ করেন। সফলতা পাওয়ায় এ বছর ১০ জন কৃষক এক একর জমিতে এ জাতের টম্যাটো চাষ করেছেন। কৃষক মো. মনির হোসেন জানান, এ বছর ৩০ শতাংশ জমিতে বারি হাইব্রিড-৪, ৮, ১০ ও ১১ জাতের টম্যাটো চাষ করেছেন। এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকার টম্যাটো বিক্রি করেছেন। আরো প্রায় ১ থেকে দেড় লাখ টাকার টম্যাটো বিক্রি করতে পারবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরজমিনে গবেষণা বিভাগ ভোলার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান জানান, আমরা কৃষকদের গ্রীষ্মকালীন টম্যাটো চাষে কৃষকদের বীজ, সার, ওষুধসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ জানান, কৃষকরা এ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বেশি জমিতে টম্যাটো চাষ করতে পারবেন।
