স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠক করার দায়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, চাঁদা আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। এরা হলো—মনিরুল ইসলাম, কলিম উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল মমিন, ফয়সাল আহমেদ, আজাহার আলী, আবু বক্কর, আব্দুর রব, উজ্জ্বল হোসেন, আব্দুল হালিম, ওবেদ ও আবুল হোসেন।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে জামায়াত শিবিরের কয়েক জন নেতাকর্মী দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠক করছিল। গোপন তথ্যের মাধ্যমে এমন খবর পেয়ে আরএমপির গোয়েন্দা শাখার বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করে। এ ঘটনায় সকলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
