পাঠ্যক্রমে কিছু বিষয়ে ছাড় প্রদান চুক্তি করল আইসিএবি ও আইবিএ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

দি ইনিস্টটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনিস্টটিউট (আইবিএ) গতকাল পাঠ্য বিষয় ছাড় প্রদানের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে আইসিএবি কিছু শর্ত পূরণ সাপেক্ষে আইবিএ ছাত্র-ছাত্রীদের জন্য হিসাববিজ্ঞান, তথ্য ব্যবস্থাপনা, ব্যবসা ও অর্থবিজ্ঞান, ব্যবসা ও বাণিজ্য আইন এবং তথ্য প্রযুক্তি বিষয়সমূহে ছাড় প্রদান করবে। এতে করে সিএ অধ্যয়নকালে আইবিএ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীরা আইসিএবি’র পাঠ্যক্রমে উপরোক্ত বিষয়সমূহে পরীক্ষা দিতে হবে না। ক্রেডিট ফর প্রায়র লার্নিং প্রোগ্রামের আওতায় আইসিএবি এই বিশেষ সুবিধা প্রদান করবে।

আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. সাইদ ফরহাদ আনোয়ার এবং আইসিএবি’র প্রেসিডেন্ট এ এফ নেছারউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আইবিএ এমবিএ প্রোগ্রাম সমন্বয়ক অধ্যাপক ড. মো: মহিউদ্দিন, আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট এন কে এ মবিন, মো: মনিরুজ্জামান, কাউন্সিল সদস্য মাহমুদুল হাসান খসরু, মো. ফোরকান উদ্দীন, সচিব মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েস।