সরকারি ক্রয়ে ইন্ডেন্টরদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

সরকারি ক্রয়ে ইন্ডেন্টরদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস্্ এসোসিয়েশন (বিআইএএ)। সম্প্রতি কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান। তারা বলেন, সরকারি ক্রয়ে ইন্ডেন্টরদের অংশগ্রহণ থাকলে গুণগতমানসম্পন্ন পণ্য অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয় করা যাবে। জবাবদিহিতারও সুযোগ থাকবে। প্রফরমা ইনভয়েসের মাধ্যমে সে সুযোগ থাকে না।

সংগঠনের নেতৃবৃন্দ দেশের বৃহত্তর উত্পাদনশীল খাত টেক্সটাইল সেক্টরকে বাঁচিয়ে রাখার স্বার্থে তামাক চাষ নিরুত্সাহিত করে সরকারি পৃষ্ঠপোষকতায় উক্ত জমিতে তুলা চাষে সংশ্লিষ্টদের উত্সাহিত করার পরামর্শ দেন। তারা বলেন, দেশের অব্যাহত খাদ্যের চাহিদা পুরণকল্পে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস্্ এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিক বাজারে দরকষাকষির ক্ষেত্রে খুবই অভিজ্ঞ এবং তারা বিদেশি এবং দেশি প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করে মানসম্পন্ন যন্ত্র এবং কাঁচামাল আমদানি করতে সক্ষম। মন্ত্রী বিআইএএ’র নেতৃবৃন্দের মতামতসমূহ বিবেচনার আশ্বাস দেন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি নূরুজ্জামান, সহ-সভাপতি একেএম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।