করোনা ভাইরাস
এক দিনে সংক্রমিত ২৭৮, মৃত্যু ৯
বিশেষ প্রতিনিধি
দেশে করোনা ভাইরাস সংক্রমণ কমে আসার ধারায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জেলায় নতুন রোগী পাওয়া যায়নি; তবে মৃত্যু ও শনাক্ত রোগী আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭। এই সময়ে মারা গেছে ৯ জন, তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮১৪।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ২৯৪ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন। সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৯ হাজারেরও নিচে। এখন করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সারা দেশে রয়েছে ৮ হাজার ৬৬২ জন। এদিন ময়মনসিংহ বিভাগ ছিল নতুন রোগীশূন্য। বিভাগের চার জেলায় ১৬৯টি নমুনা পরীক্ষা করে একজন রোগীও পাওয়া যায়নি। রাজশাহী জেলায় ১৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী পাওয়া যায়নি। মোট ৩৫টি জেলায় নতুন রোগীর সংখ্যা শূন্য হলেও এর মধ্যে ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো নমুনাই পরীক্ষা হয়নি।
ঢাকা বিভাগের ছয় জেলা মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী ও শরীয়তপুর, রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ, জয়পুরহাট এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরায় কোনো নমুনা পরীক্ষা হয়নি। ঢাকা বিভাগের ফরিদপুরে ৭৫টি নমুনা পরীক্ষা করে কারও করোনা ভাইরাস শনাক্ত হয়নি। চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কুমিল্লা জেলায় ৪১৭টি নমুনা পরীক্ষা করেও কোভিড শনাক্ত হয়নি। এর মধ্যে কুমিল্লা জেলায় ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ফলাফল শূন্য পাওয়া গেছে। রংপুর বিভাগের পঞ্চগড়ে ছয়টি, কুড়িগ্রামে আটটি এবং ঠাকুরগাঁওয়ে ১২টি নমুনা পরীক্ষা করে কারও করোনা ভাইরাস শনাক্ত হয়নি। বরিশাল বিভাগের পটুয়াখালীতে ৩৮, ভোলায় ২২, পিরোজপুর আট, বরগুনায় চার এবং ঝালকাঠিতে ১১টি নমুনা পরীক্ষা করে রোগী পাওয়া যায়নি। সিলেট বিভাগের সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ৪৫ এবং মৌলভীবাজারে ৬০টি নমুনা পরীক্ষা করে কোনো রোগী পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৯২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই-তৃতীয়াংশের বেশি। গত এক দিনে সারা দেশে মোট ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৬ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৬ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। দেশে গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের দুই জন, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা বিভাগের দুই জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন এক জন করে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ছয় জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, এক জনের ৪১ থেকে ৫০ বছর এবং এক জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে সাত জন সরকারি হাসপাতালে এবং এক জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বাড়িতে চিকিত্সাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।
