ছাঁটাইকৃত গার্মেন্টস শ্রমিকদের পুনর্বহালের দাবি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রতি গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি ইস্যুতে শ্রম অসন্তোষের পর বিভিন্ন কারখানায় ছাঁটাই হওয়া শ্রমিকদের কারখানা পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।  সেই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি  দেওয়ার পাশাপাশি হয়রানি-নির্যাতন বন্ধ করার দাবিও জানানো হয়েছে। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে ওই সমাবেশে শ্রমিক নেতা ছাড়াও বিভিন্ন বাম সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় জানানো হয়, মজুরি আন্দোলনকে কেন্দ্র  করে এ পর্যন্ত শ্রমিকদের নামে  ৩৪টি মামলায় আসামি করা হয়েছে ৩ হাজার ৮৪ জনকে। শতাধিক শ্রমিক গ্রেফতার হয়েছে। আর চাকরিচ্যুত হয়েছে প্রায় ১১ হাজার শ্রমিক। এ সময় অভিযোগ করা হয়, জোরপূর্বক স্বাক্ষর রেখে বের করে দেওয়া হয়েছে প্রায় ৮শ’ শ্রমিককে। মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতন এখনো চলছে। এছাড়া মজুরি বৃদ্ধির অজুহাতে টার্গেটের নামে শ্রমিকদের হয়রানি ও নির্যাতন চলছে বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, শ্রমিক নেত্রী সাফিয়া পারভিন, রফিকুল ইসলাম রফিক, মো. ফরিদুল ইসলাম, নাসিমা আক্তার, ইশরাত জাহান ইলা। এছাড়া  সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সালাহউদ্দিন স্বপন, শ্রমিক নেতা কামরুল হাসান, বাচ্চু মিয়া প্রমুখ।