ডিসেম্বরের নাগাদ জাবি শিক্ষক সমিতির নির্বাচন

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:১৪

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। তার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাদের দাবি, সকল পক্ষের শিক্ষকের মতামতের ভিত্তিতে কমিশন গঠিত হয়েছে। তবে উপাচার্যবিরোধী শিক্ষকরা বলছেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আরো নিরপেক্ষ শিক্ষকদের প্রাধান্য দেওয়া উচিত ছিল। জানা যায়, শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা ফেরদৌস। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে শিক্ষক সমিতির নির্বাচন দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বলেন, নির্বাচন কমিশনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।