বিতর্কিত আটক কেন্দ্রটি পুনরায় খুলবে অস্ট্রেলিয়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

বিবিসি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তিনি ক্রিসমাস দ্বীপের বিতর্কিত একটি আটক কেন্দ্র পুনরায় খুলবেন। শরণার্থীদের বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটিতে একটি ঐতিহাসিক পরাজয়ের পর তিনি এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানালেন।

সাগরে আটক অসুস্থ শরণার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় চিকিত্সা নেওয়া সহজতর করতে মঙ্গলবার দেশটির সরকারে না থাকা এমপিরা একটি বিল পাসে যথেষ্ট ভোট নিশ্চিত করেন। এ ব্যাপারে মরিসন বলেন, এই আইন দেশটির কঠোর সীমান্ত নীতিকে দুর্বল  এবং মানবপাচারকে উত্সাহিত করবে। তবে বিরোধীরা আসন্ন নির্বাচনের আগে তার বিরুদ্ধে ভীতি ছড়ানোর অভিযোগ করেছেন।

নৌকা বা জাহাজে করে আসা অভিবাসনপ্রত্যাশীদের অস্ট্রেলিয়া ২০১৩ সাল থেকে পাপুয়া নিউগিনির মানোস দ্বীপ এবং নাউরুর আটককেন্দ্রগুলোতে পাঠিয়েছে। এর আগে দেশটি আটককৃতদের ক্রিসমাস দ্বীপেও পাঠাতো। এটি ভারত মহাসাগরে অস্ট্রেলীয় ভূমি, যা মূল ভূখণ্ড থেকে  ২৬০০ কিলোমিটার দূরে অবস্থিত।

গত কয়েক বছরে ম্যানাস ও নাউরুর আটক কেন্দ্রে থাকা অনেক শরণার্থীর শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। এরকম প্রেক্ষাপটে অসুস্থ শরণার্থীদের অস্ট্রেলিয়ায় চিকিত্সা সেবা দেওয়ার জন্য পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেন সরকারের বাইরে থাকা এমপিরা। প্রতিনিধি পরিষদে অনুমোদিত হওয়ার পর বিলটি সিনেটেও পাস হয়।