ব্রেক্সিট আলোচনায় আরও সময় চাইলেন থেরেসা মে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

বিবিসি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে ব্রেক্সিট নিয়ে ফলপ্রসূ আলোচনার জন্য নিজ দেশের পার্লামেন্টে আরও এক দফা সময় চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার এক বিবৃতিতে এমপিদের কাছে সময় চান তিনি। বিবৃতিতে তিনি বলেন, আলোচনায় আইরিশ ইস্যুসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

থেরেসা মে বলেন, ইইউর সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে আরও আলাপ-আলোচনা ও সময় প্রয়োজন। এই আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে পার্লামেন্টকে অবহিত করবেন বলে জানিয়েছেন তিনি। মে প্রতিশ্রুতি দিয়েছেন, এই সময়ের মধ্যে তিনি যদি সংশোধিত পরিকল্পনা উপস্থাপন না করতে পারেন, তবে ব্রেক্সিট নিয়ে বিকল্প প্রস্তাব দিতে পারবেন এমপিরা। এসব বিকল্প প্রস্তাবের মধ্যে ব্রেক্সিট বিলম্বিত করার বিষয়টিও থাকতে পারে।

এদিকে সানডে টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে ব্রেক্সিট সংক্রান্ত ছায়ামন্ত্রী কির স্টার্মার অভিযোগ করেছেন, আইরিশ সীমান্তের মতো ইস্যুগুলো নিয়ে ‘অগ্রগতি হওয়ার ভান’ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, থেরেসা মে ২১-২২ মার্চের ইউরোপীয় সম্মেলনের পরে এবং ব্রেক্সিটের মাত্র এক সপ্তাহ আগে পার্লামেন্টে ফিরতে চাইছেন এবং তখন তিনি এমপিদেরকে বলবেন নিজের ব্রেক্সিট পরিকল্পনা অথবা ‘নো ডিল ব্রেক্সিট’— এ দুইটির একটিকে বেছে নিতে। মের পদক্ষেপকে বেপরোয়া বলে উল্লেখ করেছেন স্টার্মার। তিনি বলেন, লেবার পার্টি একটি সংশোধনী উত্থাপন করতে যাচ্ছে। এর আওতায় ২৬ ফেব্রুয়ারি নাগাদ ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন আরেকটি ভোটাভুটি করার জন্য চাপ দেওয়া হবে।

ব্রেক্সিট বাস্তবায়ন বা আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসতে আর ৪৭ দিন বাকি। ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে এটা করতে হবে।