বিবিসি
নিউইয়র্কের একটি আদালত মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজমানের বিরুদ্ধে আনা ১০টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছে। কোকেন এবং হেরোইন সরবরাহসহ অর্থ পাচার এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের একাধিক অপরাধে অভিযুক্ত ছিলেন ৬১ বছর বয়সী গুজমান। তার চূড়ান্ত সাজা এখনো ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন তিনি।
মেক্সিকোর একটি কারাগার থেকে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পাঁচ মাস পর ২০১৬’র জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ীদের চক্র ‘সিনায়োলা কার্টেল’-এর নিয়ন্ত্রকের ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাষ্ট্রীয় কৌঁসুলিদের মতে, যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী ঐ চক্র। এগারো সপ্তাহের বিচারিক কার্যক্রম শেষে ব্রুকলিনের একটি আদালত তাকে দোষী হিসেবে রায় দেন। গুজমানের সহযোগীদের অনেকেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
