সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারোও কঠোর আন্দোলনে নেমেছেন।
এর ধারাবাহিকতায় রবিবার দুপুর ১২টার দিকে তারা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন। মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
মহাসড়ক অবরোধের আগে আন্দোলনরত শিক্ষার্থীর মধ্য থেকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শামিম হোসেন একাডেমিক ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সহপাঠীরা তাকে রক্ষা করেন। পরে আবার তিনি বিষপানে আত্মহননের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল আহম্মেদ জানান, ২৪ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থী শঙ্কামুক্ত কিনা তা বলা যাবে না।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবু জাফর জানান, অভিযুক্ত শিক্ষক ফারহানাকে স্থায়ীভাবে বরখাস্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।
রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছিলাম। এক পর্যায়ে আমাদের সামনে শামিম হোসেন নামে এক শিক্ষার্থী একাডেমিক ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
