ইত্তেফাক রিপোর্ট
টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাড়ি পার্কিং ও ডাইভারশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে. রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ থেকে প্রগতি সরণি পর্যন্ত রাস্তা ও রাস্তার পার্শ্বে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনসমূহ বিভাগ অনুযায়ী যথাযথভাবে পার্কিং করতে হবে।
চট্টগ্রাম বিভাগ পার্কিং গাউসুল আজম এভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত হয়ে গরিবে নেওয়াজ রোড)। ঢাকা বিভাগ পার্কিং সোনারগাঁও জনপথ চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত। সিলেট বিভাগ পার্কিং উত্তরার ১৫ নং সেক্টর খালপাড় থেকে দিয়াবাড়ি গোলচত্বর পর্যন্ত। খুলনা বিভাগ পার্কিং উত্তরার ১৭ ও ১৮ নং সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ)। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং প্রত্যাশা হাউজিং। বরিশাল বিভাগ পার্কিং ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন। ঢাকা মহানগর পার্কিং উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা।
ডাইভারশন সংক্রান্ত তথ্যাদি: আগামী ১৬ ফেব্রয়ারি ও ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন গ্যাপ, প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২, ধউর ব্রিজ বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশ মুখে ডাইভারশন চলবে।
যে পথে ডাইভারশন চলাকালীন সময়ে যাতায়াত: আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে যান চলাচল করবে। মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল প্রাকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে। কাকলী, মিরপুর হতে উত্তরার বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসমূহকে হোটেল রেডিসন গ্যাপে ডাইভারশন করা হবে। কাকলী, মিরপুর হতে উত্তরার প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশাকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন করা হবে। প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরের যানবাহনগুলো কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন করা হবে। এসব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছে ডিএমপি।
আখেরি মোনাজাতে যেসব যান বিমানবন্দর সড়ক ব্যবহার করবে: আখেরি মোনাজাতের দিন বিমান অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স বিমানবন্দর সড়ক ব্যবহার করে চলাচল করতে পারবে।বিমানের অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সকল প্রকার যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। আখেরি মোনাজাতের দিন ভোর ৪টায় বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীদের নিকুঞ্জ-১ থেকে বিমানবন্দরে আনা-নেয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় ২টি মিনিবাস ও ২টি মাইক্রোবাস ফ্রি পরিবহন সেবার জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে মোতায়েন থাকবে।
