বিনোদন ডেস্ক
বর্তমানে মাদক মামলায় জেল হেফাজতে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বারবার তার জামিন আবেদন করা হলেও নামঞ্জুর করেছেন আদালত। তবে আগামীকাল উচ্চ আদালতে জামিন শুনানি হবে আরিয়ানের। তবে এরইমাঝে সাক্ষীকে ঘুষ দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এক ব্যক্তিকে টাকা দিয়েছে। সেই ব্যক্তিই আরিয়ানের বিপক্ষে সাক্ষী দিয়েছেন। গতকাল এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ওই সাক্ষী নিজেই।
উল্লেখ্য, প্রভাকর সেইল নামের এই সাক্ষী এনসিবির কথিত সাক্ষী পলাতক কিরণের সহযোগী। প্রভাকর জানিয়েছেন, তদন্তকারী সংস্থা তাকে ফাঁকা পঞ্চনামায় সই করিয়েছে। এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে তাকে বিপদে ফেলার ভয়ও দেখিয়েছেন। এছাড়া তিনি কেপি গোসাভির দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে তিনি দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি রুপির চুক্তি হয়েছে বলে শুনেছেন।
তবে সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছে এনসিবি। বলেছে, ঠিক সময়ে এর জবাব দেবে তারা।
