স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে দুদকে ফের জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭

 

দুর্নীতি, অবৈধ সম্পদ

 

ইত্তেফাক রিপোর্ট

সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত্ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিত্সা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদকে আবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা শামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ৩০ জানুয়ারি লাইন ডিরেক্টর (চিকিত্সা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদকে টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 

দুদক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরে সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত্ করে বিদেশে পাচার করেছে একটি চক্র। এ অভিযোগ ২০১৮ সালের প্রথম দিকে দুদক অনুসন্ধানে নামে দুদক। দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অনুসন্ধান করছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওই চক্রের সঙ্গে লাইন ডিরেক্টর (চিকিত্সা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদ সম্পৃক্ত হয়ে ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাত্ করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য গত মাসে দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে। ওই দিন তার কাছে কিছু সুনির্দিষ্ট নথি চাওয়া হয়। নথি নিয়ে তাকে ১৩ ফেব্রুয়ারি দুদকে হাজির হতে বলা হয়। সে অনুসারে তিনি গতকাল নথিপত্রসহ দুদকে হাজির হন। দুদক কর্মকর্তারা নথিপত্র যাচাই করে এবং সে সংক্রান্ত নানা ধরনের তথ্য তার কাছে জানতে চেয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।